দরিদ্র এলাকার বায়ুদূষণের মাত্রা ও এসব এলাকার বাসিন্দাদের ওপর বায়ুদূষণের প্রভাব কেমন পড়ছে সেটা জানতে ঢাকার ৮টি স্থানে বায়ুদূষণ মাপার যন্ত্র বসানোর উদ্যোগ নিয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এ উদ্যোগে কারিগরি সহায়তা দেবে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সেমিনার হলে এ–সংক্রান্ত একটি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।
‘ব্রিদিং ঢাকা’ নামের এ প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে পরিবেশ অধিদপ্তর। প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট। ইনস্টিটিউটের ‘এয়ার কোয়ালিটি ফান্ড–২০২৬’–এর আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় তুরাগ অঞ্চলের কামারপাড়া, উত্তরখান, কড়াইল, খিলগাঁওয়ের সিপাইবাবাগ, হাজারীবাগ, ভাটারা, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে এ যন্ত্রগুলো বসবে।
নভেম্বরে এসব যন্ত্রের পরীক্ষা–নিরীক্ষা শেষে ডিসেম্বর থেকে স্থাপন করার কাজ শুরু হবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. লুৎফুর রহমান বলেন, ‘ব্রিদিং ঢাকা’র মতো উদ্যোগ বায়ুদূষণ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সরবরাহ করবে এবং ঢাকার বায়ুমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে ক্যাপস।
সূত্র: প্রথম আলো