খুলনার দিঘলিয়া উপজেলায় মুড়ির প্যাকেটে রাখা ককটেল বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহত মনিরুল ইসলাম সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম আজ ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পর ঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছে মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। প্যাকেটটি ঘরে নেওয়ার পর বিস্ফোরণ ঘটে।
এতে মনিরুল ইসলামের হাত ও পায়ের বিভিন্ন অংশ ঝলসে যায়।বিস্ফোরণে ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়।
সূত্র: প্রথম আলো