পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন ১৩ শিক্ষার্থী। তবে তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠানটির ১৫ জন শিক্ষক কর্মরত থাকলেও প্রথম ব্যাচের সব শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা চলছে। গত শনিবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত পরীক্ষায় ১৩ শিক্ষার্থীর সবাই এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
তাঁদের মধ্যে ১২ জন ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স এবং একজন ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ট্রেডের শিক্ষার্থী।কলেজ সূত্রে জানা গেছে, ২০২১ সালে দেবীগঞ্জ উপজেলা শহরে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো