বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে মেট্রোরেল চলাচলে ব্যাঘাত ঘটেছে।মিরপুরের তিনটি স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বেলা দুইটার দিকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়।ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানায়, স্টেশনের নিচের সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ কারণে বেলা ১১টা ৩৮ মিনিটে মিরপুর–১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়। স্টেশনে ঢোকা ও বের হওয়ার সব গেট বন্ধ রাখা হয়। স্টেশনে কোনো ট্রেন থামানো হয়নি। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ হয়নি।বেলা ১১টা ৪৮ মিনিটে কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। তখন এই স্টেশনে ট্রেন থামানো হয়নি।এরপর পল্লবী স্টেশনে ট্রেন থামানো বন্ধ হয়ে যায় দুপুর ১২টা ২৪ মিনিটে। এ সময় এই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
এতে যাত্রী ওঠানামা বন্ধ থাকে।ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলন সংঘর্ষে রূপ নিয়েছিল।
সূত্র: প্রথম আলো