সংবিধান সংশোধনের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সনদের কিছু বিষয় সাধারণ আইন করে বাস্তবায়ন করতে হবে, আবার কিছু বিষয় বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। সংবিধানের ধারাবাহিকতা ও আইনি কাঠামো উপেক্ষা করে যা বাস্তবায়নের দাবি, তা গায়ের জোরের শামিল।
আজ শনিবার দুপুরে রাজধানীর মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদের বিভিন্ন বিষয়ে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি রয়েছে। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে।
কারও কথা না শুনে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার রাজনীতি গ্রহণযোগ্য নয়।
সূত্র: প্রথম আলো