ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানা–পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা জানান, আজ শনিবার সকাল থেকে জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন।
এরপর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।পুলিশ ও সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকদের ভাষ্য, একপর্যায়ে নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
সূত্র: প্রথম আলো