২৮ রানে ২ উইকেট হারিয়ে দল তখন বিপদে। তার ওপর মাথায় আঘাত পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারছেন না মুমিনুল হক। চারে তাই এলেন তাওহিদ হৃদয়; কিন্তু ব্যাটিংয়ে এসে দ্বিতীয় বলে তিনি যে শট খেললেন, তাতে বিস্ময় শেরেবাংলা স্টেডিয়ামজুড়েই। দল এ রকম পরিস্থিতিতে থাকতেও এভাবে খেলা যায়! রোস্টন চেজের বলে এগিয়ে এসে হৃদয় যেভাবে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন, সেটির ব্যাখ্যা করা কঠিন।
তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসানের কাছেও তা নেই, ‘আসলে ওর মনের মধ্যে কী চলছিল তা তো আমি জানি না।’দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও হৃদয় বোল্ড হয়েছেন চালিয়ে খেলতে গিয়েই।
তখন তাও স্কোরবোর্ডে রান ছিল, খুব দৃষ্টিকটু লাগেনি; কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর বিদায়ের পর ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।যদিও নাঈম হাসান ও জাকের আলীর ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা স্বস্তি নিয়েই আজ দিন শেষ করেছে তারা।
সূত্র: প্রথম আলো