রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিক গাড়িচাপায় মারা যাওয়ার ঘটনায় আইনের সংস্পর্শে আসা সেই কিশোরকে দুই হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আজ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি নিয়ে ওই কিশোরের জামিন মঞ্জুর করেন।
জামিন আদেশে বলা হয়েছে, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বেপরোয়া গাড়ি চালিয়ে মেহেদী হাসান মিমকে চাপা দিয়ে প্রাণহানির অভিযোগে তাকে আটক করা হয়। শিশু আইন, ২০১৩-এর ৩৪ ধারার বিধান অনুসারে বর্ণিত অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর মেয়াদে আটকাদেশের বিধান আছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু গত ২৪ সেপ্টেম্বর থেকে ১ মাস ৫ দিন যাবৎ আটক আছে।
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), টঙ্গী, গাজীপুরের প্রতিবেদনমতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই শিশুর বর্তমান জটিল শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষায়িত চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো