রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের প্রস্তাবিত জনসমাবেশকে সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে ওই বিক্ষোভ সমাবেশকে সমর্থন করে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকে বলেন, ‘জ্ঞানুকে (সিইসি জ্ঞানেশ কুমার) যেতেই হবে...দেশ সবার ওপরে।’ এক্সে দেওয়া ওই পোস্টের সঙ্গে সিজেপির সমর্থনপত্রটি দিপকে পুরোপুরি তুলে দিয়েছেন।
তাতে তিনি লিখেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বিরোধীদের লড়াইয়ের পাশে তাঁরা রয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি ও এসআইআর পদ্ধতি বাতিলের দাবিতে ১ নভেম্বর রামলীলা ময়দানে সমাবেশ ডেকেছে ইন্ডিয়া জোট। এসআইআর প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম কাটা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
সেই অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকা দরকার।সিজেপি বলেছে, গণতন্ত্রে মানুষ ভোট দিয়ে সরকার বেছে নেয়, সরকার তার পছন্দমতো ভোটার বাছবে, সেটা হয় না।
সূত্র: প্রথম আলো