নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসফেরত দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁদের কাছ থেকে ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বুধবার ভোররাত তিনটার দিকে সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত অভিযোগে প্রবাসীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তাঁর ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব।ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পরে পূর্বপরিচিত গাড়িচালক শাহীনের প্রাইভেট কারে করে তাঁরা কাঞ্চনের উদ্দেশে রওনা হন।
সূত্র: প্রথম আলো